পাকুন্দিয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ৪

ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকসহ চার জন নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা চালকসহ চার জন নিহত হয়েছেন। শনিবার (২৭ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মান্দারকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ। পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মো. মফিজুর রহমান এ কথা জানান।

নিহতরা হলেন, অটোরিকশা চালক শরীফ (৩৫), মঠখোলা বাজারের জুতা ব্যবসায়ী খোকন (৩০), রাজিয়া খাতুন (৭৫) ও অহিদ মিয়া (৩৮)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঠখোলা বটতলা থেকে যাত্রী নিয়ে যাওয়ার পথে মান্দারকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই এর চালক শরীফ এবং মঠখোলা বাজারের জুতা ব্যবসায়ী খোকনের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত রাজিয়া খাতুন ও অহিদ মিয়াকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রাজিয়াকে মৃত ঘোষণা করেন। অহিদ মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মো. মফিজুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আহুতিয়া তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশা চালক শরীফ এবং মঠখোলা বাজারের জুতা ব্যবসায়ী খোকনের লাশ উদ্ধার করেছে। এছাড়া চালকসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’