কেরানীগঞ্জে নির্মাণাধীন ভবনের সীমানা দেয়াল ধসে তিনজন আহত

কেরানীগঞ্জ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নির্মাণাধীন একটি ভবনের সীমানা দেয়াল ধসে একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৮ জুলাই) বিকাল সাড়ে ৫টায় চুনকুটিয়া আমিন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই ইমরান উকিল এ খবর নিশ্চিত করেছেন।

আহত তিনজন হলেন– রিজিয়া বেগম (৬৫), তার ছেলে মো. কালাম হোসেন (৩০) ও নাতনি জান্নাত (১০)। তাদের স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই ইমরান উকিল বলেন, ‘শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া আমিন পাড়া এলাকায় মুক্তার হোসেন ও মাসুদ হোসেন নামে দুই ব্যক্তি একটি বাড়ি নির্মাণ করছেন। এই বাড়ির ১০ ফুট  উঁচু ও ৫০ ফুট লম্বা সীমানা দেয়ালের পাশ দিয়ে পথচারী চলাচলের রাস্তা আছে। আজ (রবিবার) বিকালে ওই রাস্তা দিয়ে ছেলে কালাম ও নাতনি জান্নাতকে নিয়ে যাচ্ছিলেন রিজিয়া। হঠাৎ সীমানা দেয়াল ধসে পড়লে তারা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।’

এসআই আরও বলেন, ‘আহতদের পক্ষে কেউ থানায় অভিযোগ দেয়নি; অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। আহতরা ওই নির্মানাধীন বাড়ির পাশে একটি বাড়িতে ভাড়া থাকেন।’