চার মিনিটে ভুলতা পার

ভুলতা ফ্লাইওভারতিন-চার মিনিটেই ঢাকা–সিলেট মহাসড়কের ভুলতা সড়ক পার হতে পারছে যানবাহনগুলো। আগে ৩০ মিনিট লেগে যেত। শুক্রবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ফ্লাইওভারটি খুলে দেওয়া হয়।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জানান, ফ্লাইওভারটি খুলে দেওয়ায় এবার ঈদযাত্রায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা পয়েন্টে যানজটের কোনও আশঙ্কা নেই।  যানবাহনের চাপ যতই বাড়ুক ঈদে ঘরমুখো মানুষের এই সড়কে এসে দাঁড়াতে হবে না। আগে এই সড়ক পার হতে ৩০ মিনিট লাগতো, এখন  মাত্র ৩ থেকে ৪ মিনিটে পার হচ্ছে যানবাহনগুলো।

ভুলতা ফ্লাইওভারের প্রকল্প পরিচালক প্রকৌশলী আবুল সালেহ মো. নুরুজ্জামান বলেন, ‘ঈদে ঘরমুখী মানুষের ভোগান্তি  কমাতে  ফ্লাইওভারটি সাময়িকভাবে  খুলে দেওয়া হয়েছে। দুই পাশ দিয়ে বিভিন্ন যানবাহন কোনও ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই চলে যেতে পারছে। আগামী  ১৮ আগস্ট পর্যন্ত  ফ্লাইওভার দিয়ে যানবাহন চলাচল করতে পারবে।’ 

প্রকৌশলী আবুল সালেহ মো. নুরুজ্জামান জানান, ফ্লাইওভারটির নির্মাণকাজ শেষ হয়েছে। এখন শুধু সৌন্দর্যবর্ধনের কিছু কাজ বাকি রয়েছে। ১৮ আগস্ট থেকে সড়কে বাতি লাগানোর কাজ শুরু হবে। সব কাজ শেষ হলে সেপ্টেম্বর নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উড়ালসড়কটির উদ্বোধন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

যাত্রী ও যানবাহন চালকরা জানান, ঈদুল ফিতরের সময় ভুলতা ফ্লাইওভারের নিচে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়েছিল। কারণ, ভুলতা ফ্লাইওভারের নিচের রাস্তাটি যেমন সরু, তেমনি বড় ধরনের বাঁকও রয়েছে। যে কারণে এই বাঁকে এসে যানবাহনগুলো ধীরগতি হয়ে পড়তো। আর এই ধীরগতির কারণে প্রায়ই এই সড়কে যানজট হতো।