গলাকাটা অবস্থায় শিশু উদ্ধার, সন্দেহভাজন বড় ভাই আটক

গাজীপুর

গাজীপুরের শ্রীপুর থেকে গলাকাটা অবস্থায় এক শিশুকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে শ্রীপুর উপজেলার গোসিঙ্গা বাজারের পাশ থেকে আব্দুস ছালামকে (১০) গলাকাটা আবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বড় ভাই সিয়ামকে (১৪) সন্দেহজন হিসেবে আটক করা হয়েছে।

আব্দুস ছালাম গোসিঙ্গা কিন্ডার গার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্র ও গোসিঙ্গা এলাকার মনির হোসেনের ছেলে। ছালামের বাবা মনির হোসেন স্থানীয় একটি কসমেটিকস কারখানার শ্রমিক।

গোসিঙ্গা কিন্ডার গার্টেনের শিক্ষক মোজাম্মেল হক জানান, কিন্ডার গার্টেনের অদূরে সালাম গলাকাটা অবস্থায় পড়ে আছে বলে খবর পান। পরে তাকে দ্রুত উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক জয়নব আক্তার বলেন, ‘শিশুটির গলায় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। এতে তার শ্বাসনালী কেটে গেছে। শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।’

শিশুর জ্যাঠা আব্দুল জলিল বলেন, ‘পারিবারিকভাবে আমাদের সঙ্গে কারও কোনও বিরোধ নেই। কিন্তু কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এ মুহূর্তে আমরা বলতে পারছি না। আমরা স্কুলের শিক্ষকদের কাছ থেকে সংবাদ পেয়েছি। আব্দুস ছালামকে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছি।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটির বড় ভাই এ ঘটান ঘটিয়েছে। সোমবার তাদের বাড়ি থেকে ১৭ হাজার টাকা চুরি হয়েছে। সম্ভবত, চুরির ঘটনা দেখে ফেলায় তার বড় ভাই সিয়াম এ ঘটনা ঘটিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে শিশুর বড় ভাই সিয়ামকে আটক করা হয়েছে।