নারায়ণগঞ্জে একটি প্রিন্টিং কারখানার কিশোরী শ্রমিককে গণধর্ষণের অভিযোগে করা মামলার দীর্ঘ ৯ বছর পর চার যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিদের একলাখ টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন একজন আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলো– সদর উপজেলার শহীদনগর এলাকার শান্তি মিয়ার ছেলে শহিদুল ইসলাম, একই এলাকার নাছির মিয়ার ছেলে শাকিল হোসেন, গিয়াস উদ্দিনের ছেলে চঞ্চল ও ফতুল্লার মুসলিমনগর এলাকার নিজাম উদ্দিনের ছেলে আরিফ। এর মধ্যে শুধু চঞ্চল আদালতে উপস্থিত ছিল। বাকি আসামিরা পলাতক। এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় পলাশ নামের একজনকে খালাস দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর রকিবউদ্দিন জানান, ২০১০ সালের ১৫ মার্চ রাত ১০টায় সদরের তামাকপট্টি এলাকার একটি প্রিন্টিং কারখানায় কাজ শেষে হেঁটে বাড়ি ফিরছিল ওই কিশোরী শ্রমিক। পথে শহীদনগর এলাকা থেকে কিশোরীটিকে তুলে নিয়ে একটি বাড়ির রান্নাঘরে ধর্ষণ করে ওই যুবকেরা। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে সদর মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ৯ জনের সাক্ষ্য নিয়ে আজ আদালত এ রায় দেন।