মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘শুধু স্লোগান দিয়ে বঙ্গবন্ধুর অনুসারী হলে চলবে না। বঙ্গবন্ধুর আদর্শ ও কর্ম ধারণ করেই তার প্রকৃত অনুসারী হতে হবে। বঙ্গবন্ধু যে আদর্শ রেখে গেছেন, সে আদর্শ ধারণ করে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আজ অনেক এগিয়ে নিয়ে গেছেন। বঙ্গবন্ধুর আদর্শে দেশের জন্য কাজ করে তার রক্তঋণ শোধ করবো আমরা।’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকালে গাজীপুরে বাড়িয়ালী নলজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আ ক ম মোজাম্মেল হক বলেন, “বঙ্গবন্ধু, বাংলদেশ ও বাঙালি জাতি –এ তিনটি নাম অভিন্ন। বঙ্গবন্ধুর নেতৃত্ব শুধু বাংলাদেশের গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না। তিনি ছিলেন বিশ্ব নেতাদের কাতারে। তিনি অত্যন্ত উঁচুমানের নেতা ছিলেন। বঙ্গবন্ধু বলেছিলেন, ‘বিশ্ব আজ দুইভাগে বিভক্ত– শোষক ও শোষিত’। তিনি ছিলেন শোষিত মানুষের পক্ষে।’
গাজীপুর সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আব্দুস সামাদ সরকার। এতে অন্যের মধ্যে ছিলেন– গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম চৌধুরী, এস এম মোকসেদ আলম, আব্দুল হালিম সরকার, আবুল কাশেম, আফজাল হোসেন সরকার রিপন, হীরা সরকার, মফিজ উদ্দিন প্রমুখ।