গাজীপুর মহানগরীতে ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৩০ আগস্ট) বিকালে মহানগরের মোগরখাল এলাকায় নাওজোর-ভুলতা সড়কে এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাওসার আহমেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দুইজন হলেন– গাজীপুরের গাছা থানার বসুরা পূর্বপাড়া এলাকার জুয়েল চৌধুরীর ছেলে রুবেল চৌধুরী (২৫) ও তার ফুপাতো ভাই চট্টগ্রামের রাউজান থানার ডাবুয়া এলাকার ইব্রাহিম মাহবুবের ছেলে সাদ্দাম হোসেন (২৪)। রুবেল চৌধুরী গাজীপুরের বিকেসি পোশাক কারখানার কর্মী ছিলেন।
ওসি একেএম কাওসার আহমেদ চৌধুরী বলেন, ‘আজ (শুক্রবার) বিকাল ৩টার দিকে ফুপাতো ভাই সাদ্দামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে পূবাইল থেকে ভোগড়া যাচ্ছিলেন রুবেল। মোগরখাল এলাকার ইকোফ্যাব পোশাক কারখানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক ওই মোটরসাইকেলকে ধাক্কা ও চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হন।’
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। তবে ঘাতক ট্রাক আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় ওই সড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল ব্যাহত হয়।