খেলোয়াড়দের ভাতার আওতায় আনা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

01যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল এমপি বলেছেন, ‘পর্যায়ক্রমে দেশের সব খেলোয়াড়দের ভাতার আওতায় আনা হবে। বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য প্রতিটি উপজেলায় ইয়ুথ ট্রেনিং সেন্টার নির্মাণ করা হবে।’

রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়ামোদী পরিবারের সন্তান। তিনি দেশের খেলাধুলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। খেলাধুলার উন্নয়নে সরকার দেশের প্রতিটি জেলায় একটি করে স্পোর্টস কমপ্লেক্স, জিমনেশিয়াম কাম ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হবে।’

টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন, যুগ্ম সচিব ওমর ফারুক, টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি ছানোয়ার হোসেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রমুখ।

উদ্বোধনী খেলায় অংশ নেয় টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়ন ও ছিলিমপুর ইউনিয়ন পরিষদ। বালিকা (অনূর্ধ্ব-১৭) খেলায় অংশ নেয় সদর উপজেলা ও নাগরপুর উপজেলা।