আড়াইহাজারে পাঁচ মাদক বিক্রেতা আটক

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের আড়াইহাজারে ইয়াবা ও গাঁজাসহ পাঁচ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

আড়াইহাজার থানার সেকেন্ড অফিসার ফাইজুর রহমান জানান, তারা সবাই এলাকায় মাদক বিক্রেতা হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

ফাইজুর রহমান জানান, রবিবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বালিয়াপাড়া-পাকুন্দিয়া সড়কে বালিয়াপাড়া উচ্চবিদ্যালয়ের দক্ষিণ পাশে সড়কে ইয়াবা বিক্রি করার সময় টহলরত পুলিশ রিপন (৩৬) আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। রিপন বালিয়াপাড়া এলাকার সাধু মিয়ার ছেলে। একই সময়ে ঢাকা-সিলেট মহসড়কের ছনপাড়া এলাকায় টহল পুলিশ রাহাত (২৩), ইমরান (২৩) ও আহমেদ পলাশ (২৬) নামের তিন যুবককে গাঁজাসহ আটক করে। পুলিশ তাদের দেহ তল্লাশি করে ১শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। তারা রাজধানীর বাড্ডা এলাকার সাঁতারকুল উত্তরপাড়া এলাকার বাসিন্দা।

এদিকে সোমবার (২ সেপ্টেম্বর) সকালে পুলিশ আড়াইহাজার উপজেলার লাসারদী এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা মিছির আলীকে (২৫) ইয়াবাসহ আটক করে। তার দেহ তল্লাশি করে পকেট থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। মিছির আলী লাসারদী এলাকার কামিজ উদ্দিনের ছেলে।