গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু

 বিদ্যুৎস্পৃষ্ট

গাজীপুরের শ্রীপুরে সোমবার সকালে পৃথক ঘটনায় এক শিশুর ও কলেজ ছাত্রের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। প্রজাপতি ধরতে গিয়ে সুরভী আক্তার (৭) এবং বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচ দিতে গিয়ে কলেজ ছাত্র আল-রায়হান (২৪) নিহত হয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশু সুরভী, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার জয়ারচর গ্রামের কামরুল ইসলামের মেয়ে। সে বাবা মায়ের সঙ্গে শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি পশ্চিমপাড়া এলাকার আলমগীরের বাড়িতে ভাড়া থাকতো। সুরভী স্থানীয় একটি কিন্ডার গার্টেনের ২য় শ্রেণির ছাত্রী ছিল। সোমবার বেলা ১১টার দিকে দেওয়ানের চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সুরভী বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান।

নিহতের স্বজনরা জানান, সুরভীর বাবা একজন রিক্শাচালক ও তার মা স্থানীয় একটি কারখানার শ্রমিক। তার মা-বাবা কাজে চলে গেলে সুরভী স্কুলে না গিয়ে সমবয়সী শিশুদের সঙ্গে খেলতে বের হয়। খেলার ফাঁকে সুরভী পাশের বাড়ির বিদ্যুতের নিচু তারে বসে থাকা প্রজাপতি ধরতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। সঙ্গীদের চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে, টঙ্গীতে সোমবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। টঙ্গীর মদিনা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল-রায়হান (২৪) স্থানীয় হেলাল উদ্দিনের ছেলে। সে রাজধানীর উত্তরা মমতাজ উদ্দিন বিজনেস ইঞ্জিনিয়ারিং ম্যানিজমেন্ট কলেজের ডিপ্লমা ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিল। রায়হান মদিনা পাড়ায় নিজ বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন।

নিহতের বাবা হেলাল উদ্দিন জানান, রবিবার রাতে ভারি বৃষ্টিপাত হওয়ায় বাড়িতে বৃষ্টির পানি জমে। সকালে বৈদ্যুতিক মোটর দিয়ে পানির সেচ দিতে গিয়ে তারের সঙ্গে জড়িয়ে রায়হান বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।