নারায়ণগঞ্জে মাদক মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানা এ রায় দেন। এসময় আসামিরা অনুপস্থিত ছিল। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল হাই এসব তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলো– সুমন হাওলাদার (৩৯) ও সাহাব উদ্দিন সরদার (৩৩)। সুমন পটুয়াখালীর ঝাউফলের কালিমান্তি গ্রামের আবুল হাওয়ালাদারের ছেলে এবং সাহাব উদ্দিন একই জেলার হিজলা থানার চরকিল্লা গ্রামের আব্দুর রশিদ সরদারের ছেলে। সুমন যাত্রাবাড়ী থানার মাওতাইল এলাকার শুক্কুরের বাড়িতে ভাড়ায় থাকতো এবং সাহাব উদ্দিন রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে ভাড়া বসবাস করতো।
এপিপি জাসমিন আহমেদ বলেন, ২০০৯ সালের ২৯ নভেম্বর সদর উপজেলার ফতুল্লার সাইনবোর্ড এলাকা থেকে ২শ’ ৬৮ বোতল ফেনসিডিলসহ সুমন ও সাহাবউদ্দিনকে আটক করে র্যাব। এ ঘটনায় র্যাব বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে। আসামিরা জামিন পেয়ে পালিয়ে যায়।