টাঙ্গাইলে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। এ ছাড়া, আরও তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ শওকত আলী চৌধুরী এ সাজা দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জেএমবি সদস্য আবু সাইদ বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনির জয়নাল আবেদীনের ছেলে। যাবজ্জীবনের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একবছরের সাজা দেওয়া হয়েছে। অন্যদিকে, টাঙ্গাইলের মধুপুর উপজেলার ব্রাহ্মনবাড়ী গ্রামের ছমেদ আলীর ছেলে জুয়েল মিয়া ও গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রামের আব্দুল গণি মিয়ার ছেলে মোসলেম উদ্দিনকে সাড়ে চার বছর করে এবং কালিহাতী উপজেলার বল্লা ভবাড়ী গ্রামের মৃত জাফর আলী খানের ছেলে আতাউর রহমান খানকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালতের পিপি এস আকবর খান বলেন, ‘২০১৬ সালের ২৪ আগস্ট কালিহাতী উপজেলার বল্লা ভবাড়ী গ্রামের আতাউর রহমান খানের বাসা থেকে ডিবি পুলিশ জেএমবির সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করে। এসময় ওই বাসা থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামও উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিন কালিহাতী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে ডিবি পুলিশ। সাক্ষ্যগ্রহণ শেষে আজ আসামিদের উপস্থিতিতে বিচারক এ রায় দেন।