ফতুল্লায় পরিবেশ দূষণের দায়ে ছয় ডাইং কারখানাকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতনারায়ণগঞ্জের ফতুল্লায় ছয়টি ডাইং কারখানা এবং একটি রি রোলিং মিলকে পরিবেশ দূষণের দায়ে ৩ কোটি ১৮ লাখ ৪৮ হাজার টাকা জরিমানা করেছে পরিবশে অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল তিনটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদফতরের এনফোসর্মেন্ট ইউনিটের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবিনা ফেরদৌসি এই জরিমানা করেন।

নারায়ণগঞ্জ পরিবেশ অধিদফতর উপ-পরিচালক সাঈদ আনোয়ার জানান, নগরীর ফতুল্লার লামাপাড়া কুতুবপুর এলাকার রুপসী নীট ওয়্যার অ্যান্ড ওভেন ডাইং কারখানায় ইটিপি প্ল্যান্ট থাকার পরও বর্জ্য মিশ্রিত পানি শোধন না করে সরাসরি ডিএনডির খালে ফেলা হচ্ছিল। পরিবেশ ছাড়পত্র নবায়ন করেনি ও মাত্রাতিরিক্ত শব্দ দূষণের দায়ে ১ কোটি ৯৭ লাখ ৬৮ হাজার ৬৪০ টাকা জমিরামা করা হয়। জরিমানা অনাদায়ে রুপসী নীট ওয়্যারের এক্সিকিউটিভ ডিরেক্টর রফিকুল ইসলামকে আটক করা হয়। ফতুল্লার শিয়াচর এলাকার ফজর আলী ডাইং অ্যান্ড প্রিন্টিং ও ফিনিশিং কারাখানায়  কয়েক দফা সময় নিয়েও ইটিপি প্ল্যান্ট স্থাপন না করা এবং বর্জ্য মিশ্রিত পানি ফেলে পরিবেশ দূষণের দায়ে ৭০ লাখ ৩৩ হাজার ৪৪০ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে নন্দলালপুর জিএম ডাইংকে ২৪ লাখ ৪০ হাজার ৯৬ ও পারভেজ ডাইং কারখানাকে  ২ লাখ ৬১ হাজার টাকা জরিমানা করা হয়। কুতুবপুর এলাকার একই মালিকের তিনটি শিল্প প্রতিষ্ঠান বোম্বে ডাইং, বোম্বে  টেক্সটাইল মিলস ও আল মোজাদ্দেদ রি রোলিং মিলসকে পরিবেশ ও বায়ু দূষণের দায়ে ১৯ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে এনফোসমেন্ট উপ-পরিচালক আল মামুন, র‌্যাব ১১ কালিরবাজার ক্যাম্পের ইনচার্জ (এএসপি) মোস্তাফিজুর রহমানসহ পবিরেশ অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।