শ্রীপুরে অর্ধশতাধিক বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়গাজীপুরের শ্রীপুরে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ অবৈধ গ্যাস লাইন ও অর্ধশতাধিক বাড়ি থেকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এগুলো বিচ্ছিন্ন করেছে।

গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ জহুরার নেতৃত্বে বিভিন্ন স্পটে দিনব্যাপী ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

গাজীপুর তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব জানান, বিভিন্ন ব্যাসার্ধের পাইপ, রাইজার ও অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। গাজীপুরে শ্রীপুর পৌরসভার কেওয়া এলাকায় একটি প্রভাবশালী মহলের যোগসাজসে অবৈধ লাইন সংযোগ দিয়ে বিভিন্ন বাসা বাড়িতে দীর্ঘদিন ধরে গ্যাস ব্যবহার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনার খবর পেয়ে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পালিয়ে যায়।

প্রকৌশলী অজিত চন্দ্র দেব আরও জানান, তিতাস গ্যাস অফিসের কোনও অনুমোদন না নিয়ে দুর্বৃত্তরা বিভিন্ন লোকজনের কাছ থেকে ৩০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে এসব বাসা-বাড়িতে অবৈধভাবে সংযোগ দেয়। প্রতারণার কৌশল হিসেবে প্রতিটি গ্রাহকের কাছ থেকে ছবি, ভোটার আইডি কার্ড ও জমির দলিল সংগ্রহ করে এসব অবৈধ লাইন বৈধ করার প্রতিশ্রুতি দেয় ওই প্রতারক মহলটি।