মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী রেল ব্যবস্থাকে সাজাতে কাজ চলছে: রেলমন্ত্রী

রেলমন্ত্রীআধুনিক রেল ব্যবস্থাপনার কারণে ট্রেনের প্রতি মানুষের আগ্রহ অনেক বেড়েছে বলে দাবি করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম। তিনি বলেন, ভবিষ্যতে আধুনিক, যুগোপযোগী এবং মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশের রেল ব্যবস্থাকে সাজাতে কাজ করছি। আধুনিক রেল ব্যবস্থাপনা গড়ে তুলতে পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করছি। মানুষকে সঠিক সেবা দেওয়া আমাদের মূল উদ্দেশ্য।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় টঙ্গী-জয়দেবপুর ডাবল রেললাইন নির্মাণ কাজ পরিদর্শনে এসে জয়দেবপুর রেল জংশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, উত্তরবঙ্গের ট্রেন বঙ্গবন্ধু সেতু পার হয়ে টঙ্গী পর্যন্ত সিঙ্গেল লাইনে চলছে, এছাড়া ময়মনসিংহের ট্রেনগুলো জয়দেবপুর হয়ে চলছে। সিঙ্গেল লাইনের কারণে ট্রেনের স্বাভাবিক সার্ভিস দেওয়া সম্ভব হচ্ছে না। বর্তমানে যে লোকবল আছে তার পূর্ণাঙ্গ ব্যবহার করে রেলের নিরাপদ, সাশ্রয়ী এবং সময়মতো চলাচল নিশ্চিতের ব্যবস্থা করা হচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এসএম তরিকুল ইসলাম, টঙ্গী-জয়দেবপুর ডাবল রেললাইন নির্মাণ প্রকল্পের ব্যবস্থাপক বিনয় শ্রী বাস্তব রায়, জয়দেবপুর জংশনের সিনিয়র স্টেশন মাস্টার শাহজাহানসহ স্থানীয় প্রশাসন ও রেলওয়ের বিভিন্ন কর্মকর্তারা।