তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ ভূমিদস্যু গ্রেফতার

গ্রেফতার

কিশোরগঞ্জে তিনটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আব্দুল্লাহ আল মাসুদ নামে এক ভূমিদস্যুকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাত সাড়ে ১২টার দিকে শহরের রেলস্টেশন এলাকার একটি ফার্নিচারের দোকান থেকে তাকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম শোভন খান এ কথা জানান।

আব্দুল্লাহ আল মাসুদ শহরের তারাপাশা এলাকার একেএম সামসুল ইসলাম রাজ্জাকের ছেলে। বৃহস্পতিবার সকালে সন্ত্রাসী মাসুদকে র‌্যাব ক্যাম্পে গণমাধ্যমকর্মীদের সামনে হাজির করা হয়।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম শোভন খান জানান, তার কাছ থেকে প্রথমে একটি গুলিভর্তি পিস্তল উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তার ফার্নিচারের দোকান থেকে আরও একটি রিভলবার ও একটি এয়ার পিস্তল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার মাসুদের বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় হত্যা, নারী নির্যাতন, ভূমি দস্যুতাসহ বেশকিছু মামলা রয়েছে। সে এসব অস্ত্র দিয়ে ভূমি দখল করতো। একই সঙ্গে জাল দলিল তৈরির সিন্ডিকেটের সঙ্গেও সে জড়িত ছিল। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ বিভিন্ন ধরনের জাল সিল পাওয়ার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।