সাভারে আ.লীগ নেতা খুনের ঘটনায় আরও এক আসামি গ্রেফতার

গ্রেফতার মানিক মইন উদ্দিন সাভার পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুল মজিদ হত্যার ঘটনায় আরও এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মানিক মইন উদ্দিন (২৮)। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ঢাকা উত্তর (ক্রাইম) মোহাম্মদ সাইদুর রহমান এ তথ্য জানান। এখন পর্যন্ত এ মামলায় মোট চার আসামিকে গ্রেফতার করা হলো।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান বলেন, বুধবার (২ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে সাভারের দক্ষিণ বক্তারপুর এলাকা থেকে মানিককে গ্রেফতার করা হযেছে। এসময় তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত পিস্তলসহ চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

মোহাম্মদ সাইদুর রহমান বলেন, ‘আমরা যতটুকু জানতে পেরেছি, মামলার প্রধান আসামি সাবেক ইউপি সদস্য মিকাইল মোল্লার সঙ্গে মজিদের বিরোধ ছিল। বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে হাতাহাতিও হয়েছিল। ১৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে মিকাইল মোল্লার বাড়িতে আসামিরা মজিদকে হত্যার উদ্দেশ্যে একত্রিত হয়। মজিদ কখন বাড়িতে ফিরে তা লক্ষ্য করতে থাকে। মজিদ বাড়ি ফেরার পথে রাত সাড়ে ১০টার দিকে মানিক ও মামলার পালাতক আসামি বাবু পেছন থেকে মজিদকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ওই ঘটনায় মজিদ ও তার সঙ্গে থাকা স্বপন নামের একজন গুলিবিদ্ধ হয়। তাদেরকে এনাম মেডিক্যালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মজিদকে মৃত ঘোষণা করেন। মজিদ হত্যার ঘটনায় এখন পর্যন্ত চার জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর সাভার পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুল মজিদ হত্যার পর দিন ১৫ সেপ্টেম্বর মজিদের বাবা আবুল কাশেম বাদী হয়ে মিকাইল মোল্লাকে প্রধান আসামি করে সাভার মডেল থানায় মামলা করেন। এতে ৯ জনের নাম উল্লেখ করে ৮-৯ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মিকাইল মোল্লার স্ত্রী আফরোজা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মিকাইল মোল্লা পলাতক।