অন্তর নরসিংদীর স্বপন চন্দ্র দাসের ছেলে এবং স্থানীয় লাঠিভাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী জানান, গাজীপুর সিটি করপোরেশনের মজলিশপুর এলাকায় স্ত্রী সন্তান নিয়ে থাকেন স্বপন। গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ২/৩ জন শিশুসহ অন্তর স্থানীয় ভগমানের টেক এলাকার একটি বাগানে যায়। সেখানে তারা একটি গাছ থেকে বরই ছিড়ে খায়। এ সময় এক ব্যক্তি তাদের ধাওয়া করে অন্তরকে আটক করে এবং অন্য দুই শিশু পালিয়ে যায়। একপর্যায়ে ওই ব্যক্তি অন্তরকে মারধর করে ছেড়ে দেয়। পরে অন্তর অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হয়। এরপর অন্তরের অবস্থার অবনতি হলে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার পাঁচ দিন পর বুধবার সন্ধ্যায় অন্তর মারা যায়। পরে নিহতের স্বজনরা মরদেহ মজলিশপুর এলাকায় তাদের বাসায় নিয়ে যায়।
বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ ওই বাসা থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মিজানুর রহমান জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে নিখিল (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।