বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, ‘মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। সবার জন্য সার্বজনীন শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে শেখ হাসিনার সরকার কাজ করছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই।’
শনিবার (৫ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার গাজী অডিটোরিয়ামে উপজেলা কিন্ডারগার্টেন ও শিক্ষা উন্নয়ন সমিতির উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা, সনদপত্র প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বর্তমান সরকার শিক্ষাবান্ধব। শিক্ষাকে সবার কাছে পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। জাতি শিক্ষিত হলে দেশ আরও উন্নত হবে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথম দিনই বই তুলে দিচ্ছে। দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছে।’
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী। রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন ও শিক্ষা উন্নয়ন সমিতির সভাপতি আল আমিন ভুঁইয়া দুলালের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা কিন্ডারগার্টেন ও শিক্ষা উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মনিরুল হক ভুঁইয়া মনির প্রমুখ।