নারায়ণগঞ্জে জাতীয় কবি নজরুল সম্মেলন শুরু

জাতীয় কবি নজরুল সম্মেলন উপলক্ষে বের হওয়া র্যা লি (ছবি– প্রতিনিধি)

নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় কবি নজরুল সম্মেলন আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে শুরু হয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও কবি নজরুল ইনস্টিটিউট যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

বৃহস্পতিবার সকালে নগরীর চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানে এই সম্মেলনের উদ্বোধন করেন কবি নজরুল ইনস্টিটিউটটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম। এর আগে নগরীর কালীরবাজার এলাকায় জেলা গণ-গ্রন্থাগার থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সম্মেলনস্থলে এসে শেষ হয়।

সম্মেলন উপলক্ষে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে হওয়া এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ বেলা রানী সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী, নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুর রহমান রুমন রেজা ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি চন্দন শীলসহ অনেকে।

আলোচনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনচিত্র তুলে ধরেন বক্তারা। পাশাপাশি কবির প্রতি শ্রদ্ধাও জানান।

জাতীয় কবির প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্তরিকতা ও ভালোবাসার কথা উল্লেখ করে অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘১৯৭২ সালে ভারতের কলকাতায় অবস্থানরত কবির দুরবস্থার কথা শুনে বঙ্গবন্ধু খুবই ব্যথিত ও মর্মাহত হয়েছিলেন। বঙ্গবন্ধু তখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে টেলিফোনে কথা বলে কবিকে রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশে নিয়ে আসেন। দেশে থাকার জন্য বাড়ি নির্মাণ করে দিয়ে কবির প্রতি বিশেষ সম্মানও দিয়েছেন। জয় বাংলা শব্দটা কবি নজরুলের কবিতা থেকেই নেওয়া হয়েছে।’

জাতীয় কবি নজরুল ইসলাম সম্মেলন উলপক্ষে আলোচনা সভা, সেমিনার, আলোকচিত্র প্রদশনীসহ নানা আয়োজন করা হয়েছে। এ আয়োজন শেষ হবে আগামী শনিবার।