ব্যবসায়ীকে ইউপি চেয়ারম্যানের হুমকি

সাভারআশুলিয়ার এক ব্যবসায়ীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মোবাইলফোনে হুমকির অডিও মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর থেকে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরের বিরুদ্ধে এই অভিযোগে ব্যবসায়ী শফিকুর ইসলাম মৃধা সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) জিয়াউল ইসলাম সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যবসায়ী শফিকুর ইসলাম মৃধা জানান, ইউপি চেয়ারম্যান ২৮ অক্টোবর দুপুর ১টা ২০ মিনিটের দিকে তার মোবাইলফোনে হুমকি দেন। ইউপি চেয়ারম্যান তাকে চারাবাগ গ্রাম এলাকার মেট্রো-২ নামের কারখানায় না যাওয়ার জন্য হুঁশিয়ারি দেন। এটি চেয়ারম্যানের এলাকা। সন্ধ্যায় তিনি আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন।

অভিযোগ প্রসঙ্গে জানতে আশুলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিনের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। এসএমএস পাঠিয়েও কোনও উত্তর মেলেনি।