ধনবাড়ীতে যাত্রীবাহী বাস খাদে, আহত ৩৫

টাঙ্গাইল

টাঙ্গাইলের ধনবাড়ীতে বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে অন্তত ৩৫ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার সমতকুড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহতের নাম-পরিচয় জানা যায়নি।

ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব- ১১-১২১২) ধনবাড়ী সমতকুড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসটির অন্তত ৩৫ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।