শনিবার (২৩ নভেম্বর) দুপুরে সখীপুর-সাগরদিঘি সড়কের বড়চওনা বাজারে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিদ্যালয়ের অফিসকক্ষে শিক্ষকদের তালাবাদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা ও সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) এএইচএম লুৎফুল কবির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং শিক্ষকদের মুক্ত করেন।
সহকারী কমিশনার (ভূমি) আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মোতাবেক তাদের খাতা পুনরায় মূল্যায়ন করা হবে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, নির্বাচনী পরীক্ষায় ১০৫ জন শিক্ষার্থী অংশ নিলেও প্রধান শিক্ষক অকৃতকার্যদের কাছ থেকে টাকা আদায়ের কৌশল হিসেবে মাত্র ১২ জনকে পাস করিয়েছেন। কোনও কোনও শিক্ষার্থী এক বা দুই নম্বর কম পেলেও তাদের শুধু টাকা আদায়ের জন্য অকৃতকার্যের তালিকায় রেখেছেন। এছাড়া প্রধান শিক্ষক এসএসসির নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য ৫০ জনের কাছ থেকে ফরম পূরণের কথা বলে ৮ থেকে ১০ হাজার টাকা করে নিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি যৌক্তিক নয়। তাদের খাতা ঠিকভাবেই মূল্যায়ন করা হয়েছে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ফরম পূরণের জন্য নেওয়া সব টাকা ফেরত দেওয়া হয়েছে।’
সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুর রহমান বলেন, ‘প্রধান শিক্ষক ফরম পূরণের আশ্বাস দিয়ে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে থাকলে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’