সাক্ষ্য না দেওয়ায় ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

আদালতধর্ষণ মামলায় আদালতে সাক্ষ্য না দেওয়ায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মালেক খানের বেতন বন্ধসহ আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া আগামী ১৯ জানুয়ারি তাকে আদালতে উপস্থিত হতে বলেছেন বিচারক।

মঙ্গলবার (২৬ নভেম্বর) মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন এই আদেশ দেন।

মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ কে এম নূরুল হুদা রুবেল জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করেছিলেন ডা. আব্দুল মালেক। তাকে সাক্ষ্য দেওয়ার জন্য একাধিকবার সমন জারি করা হলেও তিনি আদালতে সাক্ষ্য দিতে আসেননি। মঙ্গলবার সাক্ষ্য দেওয়ার তারিখ থাকলেও তিনি আসেননি। এরপর আদালত বলেন, সাক্ষী ডা. আব্দুল মালেক খান অনুপস্থিত থাকায় এটা প্রতীয়মান, তিনি ইচ্ছা করে আদালতের সমন এড়িয়ে চলছেন। এতে মামলা নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে। আগামী ১৯ জানুয়ারি তাকে সশরীরে আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়েছে।

এ ব্যাপারে  ডা. আব্দুল মালেক বলেন, এই মামলাটি সম্পর্কে তিনি অবগত নন। আদালত যদি ১৯ জানুয়ারি তাকে উপস্থিত হতে বলেন, তবে নির্ধারিত তারিখে তিনি উপস্থিত হবেন।