জামদানি কারিগরকে ধর্ষণের অভিযোগ, আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নারী জামদানি শাড়ি কারিগরকে ধর্ষণের অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে ধর্ষণের শিকার ওই নারী মামলা দায়ের করেন। পরে দুপুরে পুলিশ অভিযুক্ত শাহিনকে গ্রেফতার করে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শাহিন কে সাদিপুর ইউনিয়নের ভারগাঁও চৌধুরীপাড়া এলাকা থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

মামলার বিষয়ে পুলিশ সূত্র জানায়, অভিযোগকারী ওই নারী (৩৫) দুই সন্তানের মা। তার স্বামী রূপগঞ্জের রূপসী এলাকার একটি জামদানি কারখানার শ্রমিক। তিনি সপ্তাহে দু’একদিন বাড়িতে আসতো। এ সুযোগে গত ১২ ডিসেম্বর রাতে ওই নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে তাকে জোরপূর্বক ধর্ষণ করে শাহিন। এসময় ওই নারীর চিৎকারে এলাকাবাসী ছুটে এলে শাহিন পালিয়ে যায়। এ ঘটনায় গত ৬ দিন গ্রামবাসীর কাছে বিচার চায় ওই নারী। বিচার না পেয়ে বুধবার সকালে নিজেই বাদী হয়ে মামলা করেন। পরে পুলিশ শাহিনকে গ্রেফতার করে।