৬ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

ফেরি চলাচল শুরুঘনকুয়াশায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে কর্তৃপক্ষ। কুয়াশা কেটে গেলে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় ফেরি চলাচল শুরু হয়। বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান এই তথ্য জানিয়েছেন।

ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরি ঘাট এলাকায় নদী পারাপারের জন্য অপেক্ষামাণ রয়েছে কয়েক’শ যানবাহন।

জিল্লুর রহমান জানান, মধ্যরাত থেকেই নদীতে কুয়াশা পড়তে শুরু করে। ভোরে ঘনকুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এজন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরে কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকা মিলে তিন শতাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে।