গাজীপুরে কোরআন-হাদিস গবেষণা কেন্দ্র করা হবে: মেয়র

সমাবেশে মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি করপোরেশন এলাকার প্রতিটি ওয়ার্ডের মসজিদ ও মাদ্রাসাসহ ইমাম এবং খতিবদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘তাদের বার্ষিক ১৪ হাজার টাকা হারে সম্মানি ভাতা দেওয়া হবে। এছাড়াও তাদের জন্য সিটি এলাকায় দুই বিঘা জমিতে একটি কমপ্লেক্স ভবন নির্মাণ করে কোরআন-হাদিস গবেষণা কেন্দ্র গড়ে তোলা হবে।’

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চত্বরে মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম এই ঘোষণা দেন। গাজীপুর সিটি করপোরেশনের ইমাম-খতিব ও ওলামা-মাশায়েখ সমাবেশে তিনি সভাপতির বক্তব্য রাখেন।

মেয়র বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে একটি করে কবরস্থান ও মসজিদের পাশে একটি করে মাদ্রাসা নির্মাণ করে দেওয়া হবে। ইমামদের হজে যাওয়ার জন্য বার্ষিক বাজেট করে দেওয়া হবে।’ এ সময় মেয়র নগরীতে ময়লা-আবর্জনা ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ইমামদের সহযোগিতা চেয়েছেন। এজন্য ইমামদের নিজ নিজ মসজিদে এই সংক্রান্ত পরামর্শ ও বক্তব্য রাখার আহ্বান জানান তিনি।

সমাবেশে ইসলামি চিন্তাবিদ ও গবেষক মুহিব খান, গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা কামরুল ইসলাম নোমানী, প্রিন্সিপাল মাওলানা মুফতি দেলোয়ার হোসাইন, মাওলানা আক্তার হোসেন গাজীপুরী, জেলা পুলিশ লাইন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুজিবুর রহমান মাহমুদী, গাজীপুর জেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাবিবুর রহমান মিয়াজী, মাওলানা ফজলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।