আশুলিয়ায় ঝুট ব্যবসা দখল চেষ্টার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

কবির হোসেন সরকারসাভারের আশুলিয়ায় দাবি করা ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে অস্ত্রের মহড়ার মাধ্যমে ব্যবসায়ীর ঝুট ব্যবসা দখল চেষ্টার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা কবির হোসেন সরকারের বিরুদ্ধে। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে এ ব্যাপারে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেন নিহান এন্টারপ্রাইজের মালিক ব্যবসায়ী মাহফুজ আহাম্মেদ। অভিযুক্ত আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেনের বিরুদ্ধে নাশকতা, হত্যাচেষ্টা, ঝুট ব্যবসা দখল ও চাঁদাবজিসহ প্রায় এক ডজন মামলা রয়েছে বলে জানা গেছে।।
অভিযোগ সূত্রে জানা গেছে, আশুলিয়ার বাইপাইল নতুন পাড়া এলাকার সেবল টেক্স নামে প্রতিষ্ঠান থেকে প্রায় আট মাস ধরে ওয়েস্টেজ মালামাল কেনার ব্যবসা করে আসছেন নিহান এন্টারপ্রাইজের মালিক মাহফুজ আহম্মেদ। এর জন্য যুবলীগ নেতা কবির ও তার অনুসারী নজরুল ইসলাম, সোহাগ তালুকদার, মনির মন্ডল, ইলিয়াস, সালাম, সানোয়ার হোসেন এবং মনছুরদের প্রতি মাসে ৪০ হাজার টাকা চাঁদা দিতে হতো।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকোলে বাইপাইল এলাকার নিহান এন্টারপ্রাইজের গোডাউনে এসে কবির ও তার সন্ত্রাসী বাহিনী ব্যবসায়ী মাহফুজের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় অস্ত্র দেখিয়ে মাহফুজকে মেরে ফেলার ও ব্যবসা দখলের হুমকি দেয় সন্ত্রাসীরা।
অভিযোগের ব্যাপারে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার বলেন, ‘গত দুই বছর আগে সেবল টেক্স নামে ওই কারখানার ঝুট ব্যবসা মাহফুজসহ কয়েকজন যুবলীগ কর্মীদের নিয়ে দেই। তবে মাহফুজ পরবর্তীতে আমার কোনও কর্মীদের সঙ্গে না রেখে একাই ব্যবসা পরিচালনা করে।’ তাই ওই ব্যবসা এখন অন্য কর্মীদের দেওয়া হব বলে জানান তিনি।
এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন্স) মোহাম্মদ জিয়াউল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, এ সংক্রান্ত বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’