সোমবার (৬ জানুয়ারি) সকালে সাভার উপজেলায় ১০ হাজার শীতার্তের মাঝে কম্বল, শিশু খাদ্য ও শুকনা খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রী ডিসিসি নির্বাচন নিয়ে বলেন, ‘আমি জনগণ তথা ঢাকাবাসীকে আশ্বস্ত করছি, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তিনি (প্রধানমন্ত্রী) আমাদের জনগণের ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে বলেছেন। আমাদের কোনও খারাপ উদ্দেশ্য থাকলে আমরা কেন ঘরে ঘরে গিয়ে তাহলে ভোট চাইছি? কারণ আমরা একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। আর এই নির্বাচনে আমরা নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করতে চাই।’
বিএনপির কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি নির্বাচন হওয়ার আগেই কারচুপি হবে, ইভিএমে ভোট কারচুপির ব্যবস্থা হবে ও জালিয়াতি হবে এসব অবান্তর অভিযোগ করছে। অথচ অতীতে ইভিএম পদ্ধতির নির্বাচনে তারাই বেশি জয়লাভ করেছে। মূলত তারা এই আধুনিক প্রযুক্তির বিরুদ্ধে। ডিজিটাল ভোট পদ্ধতি তথা ডিজিটাল বাংলাদেশ তারা চায় না। কেননা তারা জানে, নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি হেরে যাবে। কাজেই নির্বাচনে নিশ্চিত পরাজয়ের মুখে বিএনপি এখন ইভিএমের বিরুদ্ধে বিষোদগার করছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তারা আজেবাজে বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে।’
সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রমুখ।