বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত আশুলিয়ার বগাবাড়ি বাজার ও ইউনিক এলাকার দুটি বেকারিতে অভিযান পরিচালনা করেন র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান।
আটকরা হলেন- আশুলিয়ার বগাবাড়ি বাজার এলাকার আল আমিন বেকারীর মালিক বিল্লাল হোসেনের ভাই আলাউদ্দিন (৩০) ও ম্যানেজার আনারুল (৩২)।
এ সময় র্যাব-৪ (সিপিসি-২) নবীনগর শাখার কমান্ডার মেজর শিবলী মোস্তফাসহ অন্যান্য র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে বগাবাড়ি বাজারের আল আমিন বেকারি ও ইউনিক এলাকার মালিক ভরসা বেকারি নামে দুটি প্রতিষ্ঠান অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট ও কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করে আসছিল। যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।’
তিনি আরও বলেন, ‘আজ গোপন সংবাদের ভিত্তিতে বেকারি দুটিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আল আমিন বেকারিকে ৫ লাখ ও মালিক ভরসা বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় প্রায় ২ লাখ টাকা সমমূল্যের নিম্নমানের বেকারি পণ্য।’ তবে জরিমানার পাঁচ লাখ টাকা পরিশোধ করতে না পারায় আল আমিন বেকারির দুই জনকে আটক করা হয় বলেও জানান তিনি।