ধামরাইয়ে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

ঢাকার ধামরাইয়ে বালুবাহী ট্রাকচাপায় স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত মাসুদ রানা (১৪) নবম শ্রেণির ছাত্র। এঘটনায়  ট্রাকটি জব্দ এবং চালককে আটক করেছে পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলার সাটুরিয়া-বালিয়া সড়কের কাওয়ালীপাড়া প্রিন্সিপাল হাফিজ উদ্দিন স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের উপ- পরিদর্শক (এসআই) আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রানা ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের জালসা গ্রামের আলতাফ হোসেনের ছেলে। সে স্থানীয় প্রিন্সিপাল হাফিজ উদ্দিন স্কুলের ছাত্র।

এই ঘটনায় আটক বাসচালক জহিরুল ইসলাম (৩৯) আশুলিয়ার ঘুঘুদিয়া এলাকার মৃত. আব্দুল লতিফের ছেলে।

এসআই আবু সাঈদ জানায়, বিকালে ক্লাস শেষে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রানার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাক ও  ট্রাকচালককে আটক করে পুলিশে দেয়।