পদ্মা সেতুর একাধিক প্রকৌশলী এ খবর নিশ্চিত করেছেন। ২৩তম স্প্যান বসানোর পর সেতুর তিন হাজার ৪৫০ মিটার দৃশ্যমান হয়েছে।
সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, সকাল ৮টায় মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে তিয়ান-ই ক্রেনে করে রওনা দেয় ২৩তম স্প্যান এবং বেলা পৌনে ৩টায় ৩১ ও ৩২ নম্বর পিয়ারের ওপর তা বসানো হয়।
এর আগে, গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ১-ই আইডি নম্বরের ২২তম স্প্যানটি সেতুর মাওয়া প্রান্তের ৫ ও ৬ নম্বর পিয়ারের ওপর বসানো হয়। সেতুর প্রতিটি স্প্যান ১৫০ মিটার দীর্ঘ।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, কনস্ট্রাকশন সাইটে এখন মোট ৩৫টি স্প্যান আছে, যার মধ্যে ২৩টি বসানো হয়েছে। দুটি স্প্যান বাংলাদেশের পথে জাহাজে আছে। বাকি চারটি চীনে তৈরি করা হচ্ছে।
৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি দ্বিতল হবে, যার ওপর দিয়ে সড়কপথ ও নিচের অংশে থাকবে রেলপথ।