মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু

মেয়েকে প্রাইভেট পড়ানো শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের। নিহতরা হলেন কলেজ শিক্ষক হেদায়েতুল হক (৪৫) এবং মেয়ে সারা পারভীন (৭)। এসময় আরেক মেয়ে হাফসা পারভীন (৮) গুরুতর আহত হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের জাগীর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের চাপায় এই দুর্ঘটনা ঘটে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় নিহত হেদায়াতুল, দেলোয়ার হোসেন কলেজের অধ্যাপক। তার বাড়ি সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলড়া এলাকায়।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি লুৎফর রহমান বলেন, বিকালের দিকে মানিকগঞ্জ শহর থেকে দুই মেয়েকে প্রাইভেট পড়ানো শেষ করে বাড়ি ফিরছিলেন কলেজ শিক্ষক হেদায়াতুল। মহাসড়কের জাগীর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপ দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই বাবা ও ছোটো মেয়ে নিহত হয়, আহত হয় বড় মেয়ে।