পদ্মা সেতুর ২৬তম স্প্যান বসবে কাল

01আগামীকাল মঙ্গলবার (১০ মার্চ) বসবে পদ্মা সেতুর ২৬তম স্প্যান। ৫-ডি আইডি নম্বরের স্প্যানটি বসানোর পর সেতুর প্রায় চার হাজার মিটার দৃশ্যমান হবে।
স্প্যানটি সোমবার সকালে মুন্সীগঞ্জের মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে রওনা হয়ে শরীয়তপুরের জাজিরা প্রান্তে ২৮ ও ২৯ নম্বর পিলারের কাছে নিয়ে রাখা হয়েছে। সোমবার সকাল পৌনে ৯টায় মুন্সীগঞ্জের মাওয়া থেকে তিয়ান-ই ভাসমান ক্রেনে স্প্যানটি রওনা হয়।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের এ খবর নিশ্চিত করেন।
তিনি বলেন, স্প্যান বহনকারী ক্রেনটি ২৮ ও ২৯ নম্বর পিলারের কাছে নোঙর করে রাখা হয়েছে। কাল পিলারে বসানো হবে। মার্চ মাসে বিকালের দিকে নদীর আবহাওয়া খারাপ থাকে। তাই স্প্যান বসানোর জন্য দুই দিন করে সময় ধরা হয়েছে। স্প্যানটি বসানো হলে সেতুর ৩৯০০ মিটার দৃশ্যমান হবে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে মাওয়ার কনস্ট্রাকশন ইয়ার্ডে আরও দুটি স্প্যান এসে যোগ হয়েছে। বর্তমানে ৩৯টি স্প্যান আছে প্রকল্প এলাকায়। সেতুর ৪২টি পিয়ারের মধ্যে ৪০টি পিলারের কাজ শেষ। বাকি আছে ২টি পিলারের কাজ, যা শেষ হবে আগামী মার্চ মাসে। আর পদ্মা সেতুতে ৪১টি স্প্যানের মধ্যে ২৫টি বসানো শেষ হয়েছে।
৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি দ্বিতল হবে, যার ওপর দিয়ে সড়কপথ ও নিচের অংশে থাকবে রেলপথ। ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে চীনের আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।