রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণকোলা গ্রামে আসাদুল বারী খান (৪২) নামে এক স্কুলশিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার (১৩ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আসাদুল বারী ওই গ্রামের মৃত খোরশেদ খানের ছেলে। তিনি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সেনগ্রাম উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।
আসাদুল বারী খানের ভাতিজা সাদ্দাম খান বলেন, ‘বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। ভোরে একদল দুর্বৃত্ত তাকে রাস্তা থেকে ধরে নিয়ে পায়ে ও বুকে গুলি করে। পরে গড়াই নদীর তীরে লাশ ফেলে যায়। সকাল সাড়ে ৯টার দিকে পাংশা থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে।’
পাংশা থানার ওসি আহসান উল্লাহ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।’