রূপগঞ্জে জ্বর-শ্বাসকষ্টে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের রূপগঞ্জে জ্বর-শ্বাসকষ্টে এক যুবকের (৪৮) মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এদিকে নিহতের চাচাতো ভাইও (৪৫) জ্বর-কাশি ও ডায়রিয়ায় কয়েকদিন ধরে অসুস্থ রয়েছেন। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, ওই যুবক স্থানীয় একটি জুট মিলে কাজ করতো। দেশ লকডাউন চলায় কয়েকদিন ধরে এলাকায় মাটি কাটার কাজ করছিল। গত সাত দিন ধরে তার জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট দেখা দেয়। পরে শুক্রবার সকালে তার নিজ বাড়িতে মৃত্যু হয়। নিহতের পরিবার বিষয়টি গোপন রাখার চেষ্টা করলেও এলাকায় নিহতের খবরটি ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাঈদ আল মামুনকে বিষয়টি জানায়।

পরে দুইজন হেলথ অ্যাসিসটেন্ট ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে নমুনা সংগ্রহ না করেই ফিরে আসে। পরিবারের লোকজন লাশ নিজ দায়িত্বে দাফন করে। স্থানীয়দের অভিযোগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অনেকবার ফোন দিলেও তারা ফোন ধরেননি। ১৫ থেকে ২০ বার ফোন দেওয়ার পর ফোন রিসিভ করে কোনও পরামর্শ না দিয়েই ফোন কেটে দেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাঈদ আল মামুন জানান, নিহত ওসমানের নমুনা সংগ্রহ করা হয়নি। আগামীকাল তার ভাইয়ের নমুনা সংগ্রহ করা হবে।