ওজনে চাল কম দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা, লাইসেন্স বাতিল

কাপাসিয়ায় ওজনে কম দেয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে জরিমানাগাজীপুরের কাপাসিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি ১০ টাকা কেজি দরের চাল বিক্রির সময় ওজনে কম দেওয়ায় জুয়েল নামে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার ডিলারশিপ লাইসেন্সও বাতিল করা হয়েছে। কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত আরা মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

গাজীপুর জেলা প্রশাসনের মিডিয়া সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, করোনা পরিস্থিতির কারণে সরকার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে চাল দিয়ে খাদ্য সহায়তা নিশ্চিতে কাজ করছে। খাদ্য অধিদফতরের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ কাজে গাজীপুরের কাপাসিয়ার ত্রিমোহনী এলাকায় জুয়েলকে ডিলার নিয়োগ করা হয়। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কার্ডধারীরা ১০ টাকা কেজিতে জনপ্রতি ৩০ কেজি পর্যন্ত করে চাল ক্রয় করার সুযোগ পাচ্ছেন। কিন্তু স্থানীয় ওই ডিলার সরকারি নিয়ম না মেনে কারসাজি করে প্রতি ক্রেতাকে ৪-৫ কেজি করে কম দিয়ে ৩০ কেজির দাম আদায় করেন।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষয়টি গোপন সূত্রে জানতে পারেন। তার নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত দ্রুত ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে প্রমাণ পান। পরে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত ওই ডিলারের এক লাখ টাকা জরিমানা করেন এবং ডিলারশিপ লাইসেন্স বাতিল করেন।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমত আরা জানান, ওজনে কম দেওয়ার অপরাধে আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ধারা-৪৬ মোতাবেক ওই ডিলারকে অর্থদণ্ড দিয়েছেন এবং ডিলারশিপ লাইসেন্স বাতিল করেছেন।