হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী দেন ছাত্রলীগ নেতা

দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছেকরোনাভাইরাসের প্রাদুর্ভাবে পুরো দেশ লকডাউনে। খেটে খাওয়া অসহায়-দরিদ্র মানুষগুলো এখন ঘরবন্দি। মানুষ  ঘর থেকে বের হচ্ছেন না। কলকারখানা চলছে না। এই অবস্থায় খাবার সংকটে দিন পার করছেন হতদরিদ্ররা। ঠিক এমন এক পরিস্থিতিতে গাজীপুরের শ্রীপুর

উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন সরকার ব্যক্তি উদ্যোগে মাওনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় হতদরিদ্র ও কর্মহীন পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) দিনব্যাপী ১ নম্বর ওয়াডের্র বিভিন্ন এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন ও দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে ১০ কেজি করে চাল, তিন কেজি করে আলু, ডাল, পেঁয়াজ,  রসুন, সয়াবিন তেল, আটা, লবণ, এবং আদা, সাবান ও একটি করে মুরগি পৌঁছে দেন।  দুইশ' পরিবারকে এ খদ্য সহায়তা দেওয়া হয়।

এ ব্যাপারে জানতে চাইলে হুমায়ুন সরকার বলেন, ‘এই সংকটময় মুহূর্তে চাকরি চলে গেছে, কিংবা ভাড়াটিয়ার ভাড়া না পেয়ে সংসার টানতে হিমশিম খাচ্ছেন, কিংবা নিজের ঘরে খাবার নেই—এমন ব্যক্তিদের খুঁজে বের করে এসব খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। আমি কাউকে ছোট করে দেখতে চাই না। সমাজে সবাই সমান। খাদ্য সহায়তার পাশাপাশি সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা এবং ঘরে থাকার অনুরোধ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমার সামর্থ্য অনুযায়ী এ সহায়তা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।'

ত্রাণ বিতরণে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন যুবলীগ নেতা মাসুম বিল্লাহসহ কয়েকজন তাকে সহযোগিতা করেন।