করোনায় টাঙ্গাইলে প্রথম মৃত্যু

মহিউদ্দিন টাঙ্গাইলের ঘাটাইলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহিউদ্দিন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ২টার দিকে ঢাকার কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই জেলা থেকে প্রথম তিনিই করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। মহিউদ্দিনের বড় ভাই আব্দুস সালামের বরাত দিয়ে মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা চিকিৎসক সাইফুর রহমান খান।

মহিউদ্দীন উপজেলার রসুলপুর ইউনিয়নের ঘোনার দেউলী পশ্চিমপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে।

ডা. সাইফুর রহমান খান বলেন, 'জেলার প্রথম মৃত্যুবরণকারী ব্যক্তি মহিউদ্দিন। তিনি আক্রান্ত হয়ে গাজীপুর থেকে পালিয়ে নিজ এলাকায় আত্মগোপন করেছিলেন। টাঙ্গাইলে করোনা আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি ছিলেন তিনি।’

উপজেলার নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বলেন, ‘মহিউদ্দিন গাজীপুরের একটি কারখানায় কাজ করতেন। কাজের সুবাদে তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় বাস করতেন। গাজীপুরে থাকাবস্থায় জ্বর-সর্দি, কাশিতে আক্রান্ত হলে ঢাকায় আইইডিসিআরে তার নমুনা পরীক্ষা করান। এতে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। বিষয়টি জানতে পেরে নিজ বাড়ি উপজেলার রসুলপুর ইউনিয়নের ঘোনার দেউলী পশ্চিমপাড়া এসে মোবাইল বন্ধ রেখে দেন তিনি। বিষয়টি জানাজানি হলে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাকে খুঁজে বের করা হয়। এরপর মহিউদ্দিনকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।’