১২ বস্তা চাল উদ্ধার করলো ডিবি

Tangail Sakhipur Arest picটাঙ্গাইলের সখীপুরে হতদরিদ্রদের মাঝে বিতরণের ১০ টাকা কেজি মূল্যের খাদ্যবান্ধব কর্মসূচির ১২ বস্তা চাল উদ্ধার করেছে ডিবি পুলিশ। এই সময় দুই জনকে আটক করা হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে উপজেলার বহুরিয়া ইউনিয়নের চতলবাইদ ভাতকুড়াচালা গ্রামের দুইটি বাড়ি থেকে চাল উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার এসএম ইব্রাহীম এলাকা ছেড়ে পালিয়ে যান। আটককৃতরা হলো, উপজেলার চতলবাইদ ভাতকুড়াচালা গ্রামের হাছেন মিয়া ও ঠাণ্ডু মিয়া। তারা ডিবি পুলিশের হেফাজতে রয়েছে।

টাঙ্গাইল ডিবি পুলিশের (দক্ষিণ-ওসি) শ্যামল কুমার দত্ত জানান, এই ঘটনায় হাছেন ও ঠাণ্ডুকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে সহকারী পরিদর্শক (এসআই) কমল সরকার বাদী হয়ে সখীপুর থানায় মামলা করে। পরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়। মূল অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে হাছেন মিয়ার বাড়ি থেকে পাঁচ বস্তা ও ঠাণ্ডু মিয়ার বাড়ি থেকে সাত বস্তা চাল উদ্ধার করে। বিষয়টি টের পেয়ে পালিয়ে যায় ডিলার এসএম ইব্রাহীম।