একদিনে আইসোলেশন ওয়ার্ডে তিন জনের মৃত্যু

করোনাভাইরাসকরোনার উপসর্গ নিয়ে মানিকগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা এক নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতদের মধ্যে সদর উপজেলার হাটিপাড়া বংকুরী গ্রামের একজন পুরুষ (৫৫), ঘিওর উপজেলার কেল্লাই গ্রামের একজন পুরুষ (৫৫) এবং মানিকগঞ্জ পৌর এলাকার বেউথা গ্রামের এক নারী (৫৪) রয়েছেন।

তত্ত্বাবধায়ক আরশ্বাদ উল্লাহ জানান, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গত মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ওই দুই পুরুষ হাসপাতালে আসেন। করোনা উপসর্গ থাকায় তাদেরকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মধ্যরাতে তাদের মৃত্যু হয়। অন্যদিকে শ্বাসকষ্ট থাকায় বুধবার সকালে এক নারীকে হাসপাতালে আনা হয়। করোনার উপসর্গ থাকায় চিকিৎসকদের পরামর্শে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট বেড়ে গেলে বিকালে তিনি মারা যান। তার সংস্পর্শে আসা ব্যক্তিদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি আরও জানান, প্রশাসন এবং পুলিশের উপস্থিতিতে বুধবার (২৯ এপ্রিল) রাতে নিজ এলাকায় ওই নারীর মৃতদেহ দাফন করা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার দুপুরে হাটিপাড়ার ওই পুরুষের মৃতদেহ স্বজনেরা বাড়িতে নিয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে মৃতদেহ দাফনসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে ঘিওরের আরেকজন পুরুষের মরদেহ নিতে দুপুর পর্যন্ত কেউ আসেননি। মৃতদেহটি হাসপাতালেই রয়েছে।