নারায়ণগঞ্জ থেকেই ২৪ ঘণ্টায় পাওয়া যাবে করোনা পরীক্ষার রিপোর্ট



পিসিআর ল্যাব
করোনার হটস্পট নারায়ণগঞ্জের তিনশ’ শয্যা হাসপাতালে পিসিআর ল্যাব ও আইসিও ওয়ার্ড স্থাপন করা হয়েছে। ফলে এখন থেকে পরীক্ষার জন্য নমুান আর ঢাকায় পাঠাতে হবে না। নারায়ণগঞ্জ থেকেই ২৪ ঘণ্টার মধ্যে নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে। বুধবার (৬ মে) থেকেই কাজ শুরু হবে ল্যাবের।  

১৩ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ের সময় নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালের আবাসিক চিকিৎসক সামসুদ্দোহা সঞ্জয় সেখানে করোনা টেস্টের জন্য পিসিআর ল্যাব নেই বলে জানান। ল্যাব না থাকায় বিস্ময় প্রকাশ করে প্রধানমন্ত্রী স্বাস্থ্য অধিদফতরের ডিজিকে  নারায়ণগঞ্জে দ্রুত ল্যাব স্থাপনসহ কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে বলেন। এর ২২ দিনের মাথায় নারায়ণগঞ্জে একটি পূর্ণাঙ্গ ল্যাবসহ পিসিআর মেশিন ও ১০ শয্যার আইসিও ইউনিট স্থাপন করেন। 

পিসিআর ল্যাবে নমুনা সংগ্রহ করা হচ্ছে

খানপুর হাসপাতালে আবাসিক চিকিৎসক সামসুদ্দোহা জানান, বৃহস্পতিবার থেকে কনোরার টেস্ট ও রেজাল্ট  পাওয়া যাবে এই ল্যাব থেকে। একইসঙ্গে পিসিআর মেশিনের ল্যাবের টেস্টের  দু’জন টেকনিশিয়ানও নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা থেকে। এই পিসিআর মেশিন দিয়ে করোনা টেস্টের পাশাপাশি ডেঙ্গুসহ নানা রোগের পরীক্ষা করা যাবে।    
খানপুর হাসপাতালের পিসিআর টেস্ট মেশিন রান করার পর স্থানীয় টেকনিশিয়ানদের দক্ষ করে গড়ে তোলার ঢাকা থেকে এসে দু’জন প্রশিক্ষক প্রশিক্ষণ দিচ্ছেন।

মাইক্রোবায়োলজিস্ট ডা.  হাবিবুল বারী সজিব জানান, পরবর্তীতে তারা পিসিআর মেশিন নমুনা পরীক্ষা ও রির্পোট দেবেন।