টাঙ্গাইলে ওসি-স্বাস্থ্যকর্মীসহ আরও ১২ জনের করোনা

টাঙ্গাইলটাঙ্গাইলে থানার এক ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) এবং চার স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ১২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ৪৪ জন।

বৃহস্পতিবার (৭ মে) বেলা ১২টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্তদের মধ্যে গোপালপুর থানার ওসিসহ ওই উপজেলায় আরও একজন, ধনবাড়ী উপজেলার তিন জন, ভূঞাপুরে একজন, কালিহাতীতে দুই জন, দেলদুয়ারে দুই জন ও মির্জাপুর উপজেলার দুই জন রয়েছেন।

সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান বলেন, ‘গত তিন দিনে ২৮৫টি রিপোর্ট পেন্ডিং ছিল। এরমধ্যে বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ১২০টি নমুনায় ১২ জনের করোনা পজিটিভের বিষয়টি জানানো হয়। এদের মধ্যে একজন ওসি এবং চার জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।’

প্রসঙ্গত, জেলায় করোনা শনাক্ত ৪৪ জনের মধ্যে ঢাকায় দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া ইতোমধ্যে ১১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।