৩০ টাকা লাভ করতে গিয়ে জরিমানা ১০ হাজার

ভোক্তা সংরক্ষণ অধিকারের অভিযান৩০ টাকা লাভ করতে গিয়ে ১০ হাজার টাকা জরিমানা গুনতে হলো এক ব্যবসায়ীকে। ঘটনাটি ঘটেছে শনিবার (৯ মে) মানিকগঞ্জের সিংগাইরের সিরাজপুর হাটে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে তিন দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, মূল্য তালিকায় ডালের দাম ১০০ টাকা লেখা থাকলেও ১২০-৩০ টাকায় বিক্রি করায় জুয়েল অ্যান্ড ব্রাদার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আর ছোলার দাম ৭০ টাকার স্থলে ৮০ টাকা রাখায় খোরশেদ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নিম্নমানের সেমাই

তিনি আরও জানান, মেয়াদহীন নিম্নমানের খোলা ও প্যাকেটজাত সেমাই বিক্রির দায়ে রাজীব স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেমাইয়ের প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নকল, ভেজাল ও ভোক্তাদের সঙ্গে প্রতারণা রোধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেন সিংগাইর উপজেলার স্বাস্থ্য পরিদর্শক আবুল কালাম আজাদ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা।