ক্ষুব্ধ শ্রমিকদের ওপর পুলিশের জলকামান-টিয়ারশেল নিক্ষেপ

ashulia rmg factorey pic 2আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়া ও বেতনের দাবিতে দুটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে নরসিংহপুর এলাকার মেডলার অ্যাপারেলস ও আদিয়াত অ্যাপারেলস লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে। এই সময় মেডলার কারখানার শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানায় ভাঙচুর চালায়। অন্যদিকে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ারসেল নিক্ষেপ করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা-১ শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) জানে আলম খান। 

শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও নরসিংহপুর এলাকার মেডলার অ্যাপারেলসের শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজে যোগ দেয়। এর কিছু সময় পরই শ্রমিকরা এপ্রিল মাসের বেতন, ছুটির টাকা ও শতভাগ বেতনের দাবিতে কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে। পরে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে মূল ফটকের ভেতরেই অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা ওই কারখানায় ভাঙচুর চালায়। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জলকামান ও টিয়ারসেল নিক্ষেপ করে। এছাড়াও শ্রমিকদের ধাওয়া দিয়ে কারখানা থেকে বের করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ashulia rmg factorey pic 1অন্যদিকে টানা দ্বিতীয় দিনের মতো নরসিংহপুর এলাকার আদিয়াত অ্যাপারেলস লিমিটেডের প্রায় ৩০০ শ্রমিক বন্ধ কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবিতে মূল ফটকের সামনে বিক্ষোভ করতে থাকে। পরে বেলা ১টার দিকে তারা বাইপাইল-আব্দুল্লাপুর সড়ক অবরোধের চেষ্টা করে। এই সময় পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

ঢাকা-১ শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) জানে আলম খান বলেন, ‘মেডলার অ্যাপারেলস কারখানার শ্রমিকরা ভেতরে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। তারা কারখানার অধিকাংশ যন্ত্রাংশ ভেঙে দেওয়ার পর পুলিশ জলকামান ও টিয়ারসেল নিক্ষেপ করে। এছাড়াও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’