গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ২ নম্বর সিঅ্যান্ডবি বাজারের গ্রামীণ এই সড়কের এক কিলোমিটার বেহাল দশায় পাঁচটি গ্রামের প্রায় ২০ হাজার বাসিন্দার ভোগান্তি চরম আকার ধারণ করেছে। এক যুগেরও বেশি সময় ধরে সড়কটির এমন অবস্থা হলেও সংস্কারে কেউ এগিয়ে আসেনি বলে এলাকাবাসীর অভিযোগ।
২ নম্বর সিঅ্যান্ডবি বাজারের ব্যবসায়ী তাইজ উদ্দিন অভিযোগ করেন, বেহাল এই রাস্তার কারণে মার খাচ্ছে তাদের ব্যবসা। বর্ষাকালে রাস্তায় যাতায়াত করাটা বিপজ্জনক। আশপাশের অনেক রাস্তা পাকা করা হলেও এ রকম গুরুত্বপূর্ণ রাস্তাকে পাকা করা নিয়ে টালবাহনা করা হচ্ছে।
সরেজমিনে এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর সড়কটির তিন কিলোমিটারের মধ্যে শ্রীপুর-মাওনা সড়কের কেওয়া বাজার থেকে দুই কিলোমিটার কার্পেটিং করে। বাকি এক কিলোমিটার শ্রীপুর পৌর কর্তৃপক্ষ ইট দিয়ে চলাচল উপযোগী করে। দীর্ঘদিন ধরে উন্নয়ন না করায় ইট উঠে মাটি বের হয়ে গেছে। ২ নম্বর সিঅ্যান্ডবি বাজারের এক কিলোমিটার অংশ গর্ত হয়ে ছোট খালে পরিণত হয়েছে।
শ্রীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী হাসিবুল হাসান শান্ত, জাকারিয়া মারি মম ও সানজিদা আক্তার বলেন, 'সড়কের বেহাল অবস্থার জন্য আমাদের অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে। প্রায়ই স্লিপ কেটে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানিতে পড়ে গিয়ে জামা-কাপড় নষ্ট হয়ে যায়। ওই দিন স্কুল-কলেজ কামাই (অনুপস্থিত) দিতে হয়। যানবাহনে এ সড়ক দিয়ে চলাচল করলে কষ্ট হয়, সময়ও বেশি লাগে।'
৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জানান, সড়কটি দিয়ে যাতায়াতে প্রায়ই নষ্ট হচ্ছে গাড়ি। স্থায়ীভাবে কোনও উন্নয়ন কাজ হচ্ছে না সড়কটিতে। আমাদের দাবি, সড়কটি যেন দ্রুত সংস্কার করা হয়।
স্থানীয় বাসিন্দা নূরুল ইসলাম মিস্টার বলেন, 'পৌর কর্তৃপক্ষের উদাসীনতা ও স্থানীয় কাউন্সিলরের গাফিলতির কারণে জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটির উন্নয়ন কাজ হচ্ছে না।'
শ্রীপুর পৌরসভার প্রকৌশলী তবিবুর রহমান বলেন, 'এই মুহূর্তে বরাদ্দ না থাকা ও অর্থ সংকট থাকায় রাস্তার উন্নয়ন করা সম্ভব হচ্ছে না। বরাদ্দ এলে প্রস্তাব অনুযায়ী সড়কটির সংস্কার কাজ শুরু করা হবে।'