মাদারীপুরে ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নিহতের লাশকে ঘিরে জনতার ভীড়মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের ভোটঘর হাসানকান্দি সড়কের পাশ থেকে রবিবার (১৯ জুলাই) সকালে উজ্জ্বল শেখ (৪৫) নামের একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। নিহত উজ্জ্বল রাজৈরের পাশ্ববর্তী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষির ইউনিয়নের মহিষতলী গ্রামের আমির শেখের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে ওই এলাকার একটি পুকুরপাড়ে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। রাজৈর থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের মাথায় গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডাকাতির সময় অন্তঃকোন্দলের জেরে গোলাগুলিতে উজ্জ্বল নিহত হতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা।
রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, নিহত উজ্জ্বলের নামে মাদারীপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় একাধিক ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।