গত ১৪ আগস্ট পৌর এলাকার ২ নম্বর সিঅ্যান্ডবি বাজার থেকে কেওয়া বাজার পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার সড়কের এক কিলোমিটার ভাঙা অংশের মেরামত কাজ শুরু করেন ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুল হোসেন। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে সড়কের সংস্কার কাজ করছেন তিনি।
আবুল হোসেন বলেন, ‘সড়কের খানা-খন্দকের কারণে মানুষের দুর্ভোগের মাত্রা ক্রমেই বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে জনদুর্ভোগ। দীর্ঘদিন ধরে সড়কটির এই অবস্থা দেখে সংস্কারের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে মেয়রের কাছে যাওয়া হয়। কিন্তু কোনও লাভ হয়নি। তাই ভুক্তভোগী পৌরবাসীর সুবিধার্থে নিজ উদ্যোগে সড়ক সংস্কারের কাজ শুরু করেছি। এখন দেখা যাক কতটুকু সামনে এগোনো যায়।’
তিনি আরও বলেন, ‘সড়কের বেহাল দশা চেয়ে চেয়ে আর কতদিন দেখা যায়। কত দিনই বা দুর্ভোগ সহ্য করা যায়। এসব ভাবনা থেকে রাস্তা সংস্কারের কাজে নিজেকে নিয়োগ করেছি।’
শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান জানান, এটি দেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা। তাই রাস্তাঘাট প্রচুর। অনেক রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত বাজে। সেগুলো মেরামত করা জরুরি। কিন্তু অর্থ বরাদ্দ না পাওয়ায় রাস্তাগুলো সংস্কার করা সম্ভব হচ্ছে না।