টঙ্গীতে স্টিল কারখানায় দগ্ধ আরেক শ্রমিকের মৃত্যু

এসএস স্টিল কারখানাগাজীপুরের টঙ্গীতে এসএস স্টিল কারখানায় উত্তপ্ত তরল লোহা ছিটকে দগ্ধ পাঁচ শ্রমিকের মধ্যে রিপন চন্দ্র মোহন্ত (৩০) নামে আরও একজন মারা গেছেন। তিনি প্রায় ৫০ শতাংশ পোড়া নিয়ে মারা যান। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইসিইউতে থাকা বাকি দু’জন মোজাম্মেল হক (২২) ও নিলয় চন্দ্র বর্মণের (২৪) অবস্থাও আশঙ্কাজনক। এর আগে শনিবার সকালে দুলাল শেখ (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। দগ্ধ পাঁচ জনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

উল্লেখ্য, শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে টঙ্গীর মিলগেট এলাকার এসএস স্টিল লিমিটেড কারখানায়  লোহা গলানোর সময় স্ফুলিঙ্গ ছিটকে দুলাল, রিপন, মোজাম্মেল, নিলয় ও আজহারুল দগ্ধ হন। তাদের উদ্ধার করে প্রথমে টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।