মঙ্গলবার কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) সামসুদ্দোহা নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, প্রায় এক যুগ আগে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার চিতেশ্বরী এলাকার হযরত আলীর মেয়ে হেনা বেগমকে বিয়ে করেন জসিম উদ্দিন। দাম্পত্য জীবনে তাদের কোনও সন্তান নেই। সোমবার (১২ অক্টোবর) রাতে খাবার খেয়ে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে হেনাকে ঘুমে রেখেই স্বামী জসিম উদ্দিন বাড়ির পাশের জমিতে কাজ করতে যান। পরে ছোট ভাইয়ের স্ত্রীর ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন আসলে তারা ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় হেনাকে ঝুলন্ত দেখতে পান। তারা হেনাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের দাবি, দেবরের সঙ্গে সম্পর্ক সন্দেহে স্বামীর অনুপস্থিতিতে হেনাকে তার দেবরের স্ত্রী ও শাশুড়ি হত্যা করে লাশ ফাঁসিতে ঝুলিয়ে রাখে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) সামসুদ্দোহা জানান, খবর পেয়ে দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।